প্যাকিং মেশিনের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র্যাপিং মেশিনের ঘোষণা দিয়ে আমদানি করা চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের একটি পূর্ণাঙ্গ প্ল্যান্ট শনাক্ত করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য পাওয়া গেলেও বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত হয়। আমদানির ঘোষণায় চালানটি ছয়টি প্যাকেজ হিসেবে দেখানো হয়েছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, ঢাকার মিরপুরভিত্তিক বাণিজ্যিক আমদানিকারক প্রতিষ্ঠান ‘জেআর বিজনেস ওয়ার্ল্ড’ (বিআইএন: ০০৯০৩৫৩৪৪-০৪০১) সংযুক্ত আরব আমিরাতের ‘আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ থেকে চালানটি আমদানি করে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটিকে ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।
এ ক্ষেত্রে প্যাকিং ও র্যাপিং মেশিনের জন্য নির্ধারিত এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছিল। তবে সিআইআইডির বিস্তারিত পরীক্ষায় চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিন পাওয়া যায়।
মেশিনগুলো হলো—এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার বা সেলোফেন ওভারর্যাপার।
অর্থাৎ, প্যাকিং ও র্যাপিং সরঞ্জামের ঘোষণা দেওয়া হলেও চালানটিতে মূলত সিগারেট উৎপাদনের পূর্ণাঙ্গ যন্ত্রপাতি আমদানি করা হয়েছিল বলে জানিয়েছে সিআইআইডি।
ঘোষিত মূল্যের চেয়ে ২৫ গুণ বেশি প্রাথমিক মূল্য
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, চালানটির ইনভয়েসে ঘোষিত মূল্য দেখানো হয়েছে ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। তবে ওয়েবসাইটভিত্তিক তথ্য পর্যালোচনায় যন্ত্রপাতিগুলোর প্রাথমিক আনুমানিক মূল্য পাওয়া গেছে প্রায় ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ।
চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। এর সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে রয়েছে এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড (এআইএন: ৩০১৭৬০৬২১)। সিআইআইডির তথ্য অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন এবং তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।
নকল সিগারেট উৎপাদন ও রাজস্ব ফাঁকির আশঙ্কা
সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে সিগারেট উৎপাদনের মেশিন বা পূর্ণাঙ্গ উৎপাদন লাইন আমদানির ক্ষেত্রে প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে আমদানি হওয়া সমীচীন।
এ ব্যবস্থার বাইরে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার করা হলে দেশের সুপরিচিত সিগারেট ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর পণ্য নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি তৈরি হতে পারে।
এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। একই সঙ্গে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের মতে, প্যাকিং মেশিনের আড়ালে সিগারেট উৎপাদনের পূর্ণাঙ্গ লাইন আমদানির ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে।
চলছে বিস্তারিত তদন্ত
আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্যের সত্যতা, পণ্যের সঠিক এইচএস কোড নির্ধারণ, প্রকৃত আমদানি মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং আমদানি করা যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাই করতে বিস্তারিত তদন্ত চলছে।
সিগারেট খাতে যথাযথ রাজস্ব আদায় নিশ্চিত করা, শুল্ক ফাঁকি প্রতিরোধ এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের ঝুঁকি মোকাবিলায় কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।