২১ নভেম্বর চট্টগ্রামে বিচারকদের অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বিচারকদের উদ্দেশে আগামী ২১ নভেম্বর অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ উপলক্ষে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সকাল ১০টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব ইসমেত জিহান।
আদেশে চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সব পর্যায়ের সদস্যকে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অনুষ্ঠানে অংশগ্রহণের কারণে সংশ্লিষ্ট জেলার বিচারিক কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রতিটি জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মনোনীত একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার বিচারকেরা অংশ নেবেন। জেলাগুলো হলো—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান।
প্রধান বিচারপতির এ অভিভাষণে বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, বিচারিক দায়িত্ব ও পেশাগত ভূমিকা নিয়ে দিকনির্দেশনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।