বান্দরবানের দুর্গম এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

আরাফাত খাঁন, বান্দরবান।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ৩টার দিকে স্থানীয় পাড়াবাসীর উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেন তিনি।

ত্রাণ সহায়তার প্রতিটি পরিবারের জন্য দেওয়া হয় ২০ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, দেড় লিটার সয়াবিন তেল, এক প্যাকেট বড় মোমবাতি ও প্রয়োজনীয় কাপড়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর সহধর্মিণী নুঙেচিং মার্মা,২ নম্বর তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা,নোয়াপতং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা,সমাজকর্মী চিংহ্লামং চাক, আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছোমং মার্মা,সাংবাদিক বাবুল খাঁন, সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক উচসিং মারমা, প্রকৃতি বড়ুয়া, উবাসিং মার্মা এবং বড়ইতলী পাড়ার কারবারি (পাড়াপ্রধান) সিংচামং মার্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫টি বসতঘর ও দুটি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে চরম দুর্ভোগে পড়ে। স্থানীয়দের প্রাথমিক ধারণা অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। এরই ধারাবাহিকতায় দুর্গম পাহাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় কাপড় পৌঁছে দেওয়া হয়।

দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে এ সহায়তা প্রদান দুর্গত মানুষের তাৎক্ষণিক দুর্ভোগ লাঘবে একটি মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com