চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রী হয়রানি, তিনজনের কারাদণ্ড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিমানবন্দরের পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে আইন অমান্য করায় আরও পাঁচজনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) যাত্রী হয়রানি প্রতিরোধ, বিমানবন্দরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্বিঘ্নে বিমানবন্দরে আসা-যাওয়া নিশ্চিত করা, বিভিন্ন দোকান ও লাউঞ্জের খাবারের মান ও মূল্য যাচাই এবং টার্মিনালের ড্রাইভওয়েতে যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে গত কয়েক দিন ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে পরিচালিত অভিযানে পার্কিং এলাকা ও ড্রাইভওয়েতে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ধারা লঙ্ঘনের দায়ে পাঁচজনকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া যাত্রী হয়রানির অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, হয়রানি বন্ধ এবং বিমানবন্দরের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।