চট্টগ্রামসহ ১০ জেলায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১৭২, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে ৪৭০ জনকে আটক করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৭৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, আগের মামলায় ৩২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৪ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৯ জন রয়েছেন। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১৩ জন ও সাজা পরোয়ানাভুক্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে মাদক মামলায় ৬৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১২ হাজার ৪০৫ টাকা জরিমানা আদায় এবং ২৩টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১৩ হাজার ৭১১ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ, ১১ বোতল বিদেশি মদ, ২৮ বোতল স্কাফ সিরাপ এবং ৩ কেজি ১৭৫ গ্রাম গাঁজা।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের মধ্যে চট্টগ্রামে ৫৬ জন, কক্সবাজারে ৮, কুমিল্লায় ১০১, ব্রাহ্মণবাড়িয়ায় ১৬, চাঁদপুরে ২০, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ১৪, রাঙামাটিতে ৫ ও খাগড়াছড়িতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৭০ জনের মধ্যে ২৭৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৯৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক আটকের হিসাবে চট্টগ্রামে ৭৯ জন, কক্সবাজারে ২১, কুমিল্লায় ১৬৫, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, চাঁদপুরে ৩২, নোয়াখালীতে ২৮, লক্ষ্মীপুরে ৫৯, রাঙামাটিতে ১৪, খাগড়াছড়িতে ৩১ ও বান্দরবানে ১৪ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।