চাটমোহরে সার লুটের ঘটনায় গ্রেপ্তার আরো ১, ফেরত ২৯০ বস্তা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

পাবনা প্রতিনিধিঃ

পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলারের গোডাউন ভেঙে সার লুটের ঘটনায় উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে গত দুইদিনে স্থানীয়রা ২৯০ বস্তা সার ফেরত দিয়েছেন। এছাড়া সার মজুতের তথ্য গোপন করায় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ফেরত পাওয়া গেছে ২৯০ বস্তা। এর মধ্যে মঙ্গলবার পাওয়া যায় ১১৪ বস্তা এবং বুধবার ফেরত পাওয়া যায় ১৭৬ বস্তা। এখনও পাওয়া যায়নি ৩২১ বস্তা।

তিনি আরো জানান, বুধবার ছাইকোলা বাজারে তিনটি ডিলার পয়েন্ট থেকে দুই হাজার কৃষকের মাঝে সরকার নির্ধারিত মুল্যে সার বিতরণ করা হয়। এর মধ্যে বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হাবিবুর রহমান তার গোডাউনে সার রেখে ফুরিয়ে গেছে বলে জানান। পরে গোপন সংবাদে তার গোডাউনে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার পাওয়া যায়। সার মজুত করে মিথ্যার আশ্রয় নেওয়ায় ভ্রাম্যমান আদালতে সার ডিলার হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে চাটমোহর থানার (ওসি) মো. অলিউর রহমান জানান, ভাঙচুর করে গোডাউন থেকে সার লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় মঙ্গলবার রাতে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন, ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে তুষার আহমেদ (২১)। এর আগে একইদিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৮) কে ওই মামলায় গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময় ছাইকোলা বাজারে আরও দুইজন ডিলার সার বিতরণ করছিলেন। কিন্তু ওই দুই ডিলার সার বিতরণ হঠাৎ করে বন্ধ দেওয়ায় সবাই ডিলার প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে কৃষকরা় ক্ষিপ্ত হয়ে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সার লুট করে বলে অভিযোগ। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে সার লুটের ঘটনায় গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ‎কমিটির অন্য দুই সদস্য হলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com