নিরাপদ খাবারের অঙ্গীকার: জয়পুরহাটে কঠোর অভিযানে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ভোক্তাদের স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে জয়পুরহাটে পরিচালিত হলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ তদারকি অভিযান।
বুধবার ১১ নভেম্বর সদর উপজেলার হিচমী বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হিচমী বাজারের হিলি বাইপাস রোডের ‘নিউ ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ক্ষতিকর পোড়াতেল ও আয়োডিনবিহীন লবণের ব্যবহার এবং খাবারের মোড়কে খবরের কাগজের ব্যবহার হাতেনাতে ধরা পড়ে।
একইসঙ্গে দই-মিষ্টির প্যাকেটে মেয়াদ উল্লেখ না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকার ‘দুই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ সমজাতীয় অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া।
জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো আপস নয়—এমন বার্তা দিয়ে অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের জন্য ভেজালমুক্ত ও স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করতে এবং খাবারের মান বজায় রাখতে এ ধরনের সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।