নোবিপ্রবির তিন হাজার শিক্ষার্থী পাচ্ছেন দ্রুতগতির ইন্টারনেট সুবিধা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

মোঃ জাহিদ হাসান, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচটি আবাসিক হলের প্রায় তিন হাজার শিক্ষার্থীকে দ্রুতগতির ইন্টারনেট সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধীন বিডিরেন (BdREN) প্রকল্পের আওতায় হলগুলোর প্রতিটি আবাসিক কক্ষে নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হবে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেলের পরিচালক ড. মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিডিরেন প্রকল্পের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীদের কক্ষে নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক কক্ষে আলাদা রাউটার দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা আরও উন্নত ও সহজলভ্য ইন্টারনেট সেবা পান। আগামী তিন থেকে চার মাসের মধ্যে সংযোগ স্থাপনের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে এ প্রকল্পের আওতায় শুধু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেই ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।

এদিকে, আবাসিক হলগুলোতে নতুন ওয়াই-ফাই সংযোগ স্থাপনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কাজে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ গুরুত্বপূর্ণ।

আবাসিক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, ‘বর্তমানে অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট, গবেষণা ও বিভিন্ন একাডেমিক কাজে ইন্টারনেটের প্রয়োজন হয়। হলের কক্ষগুলোতে ভালো মানের ওয়াই-ফাই সংযোগ চালু হলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।’

আরেক শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘হলে ইন্টারনেট সংযোগ থাকলেও অনেক সময় ধীরগতি ও নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনীয় কাজ করা কঠিন হয়ে পড়ে। নতুন সংযোগ স্থাপনের পাশাপাশি ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতা নিশ্চিত করা হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে।’

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com