পত্নীতলায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল চালু, দেওয়া হবে দুটি গাড়ি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে চালু করা হয়েছে মিড-ডে মিল। পাশাপাশি দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জামিল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা জানান, গত পাঁচ বছরে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বিশেষ করে দুপুরের বিরতিতে খাবার খেতে বাড়িতে গিয়ে অনেক শিক্ষার্থী আর বিদ্যালয়ে ফিরে আসে না। এতে তাদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে বিদ্যালয়েই খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হবে।

বক্তারা আরও বলেন, প্রত্যন্ত এলাকায় বিদ্যালয়টির অবস্থান হওয়ায় দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের এসব সমস্যা বিবেচনায় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নয়টি দাবি তুলে ধরা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ দাস বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে নয়টি দাবি জানানো হয়েছিল। এর মধ্যে শিক্ষার্থীদের কল্যাণসংশ্লিষ্ট চারটি দাবি প্রাথমিকভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সুরুজ হোসেন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত ও পড়াশোনার পরিবেশ উন্নত করতে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সপ্তাহে দুই দিন মিড-ডে মিল চালু করা হয়েছে। এ ছাড়া যাতায়াতের জন্য দুটি গাড়ি দেওয়া হবে, যানবাহন রাখার জন্য গ্যারেজ নির্মাণ এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে সপ্তাহের প্রতিদিন মিড-ডে মিল চালু এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে গাড়ির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com