চট্টগ্রামে এক পুলিশ সুপারের দুই মুঠোফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।
তবে কী অভিযোগের ভিত্তিতে তাঁর মুঠোফোন জব্দ এবং তাঁকে নজরদারিতে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী।
বুধবার সন্ধ্যায় দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিককে তিনি বলেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় তাঁর মুঠোফোন দুটি জব্দ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে অভিযোগের সুনির্দিষ্ট বিষয়বস্তু, অভিযোগের উৎস কিংবা এ ঘটনায় পরবর্তী প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।