নওগাঁয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার সদর, পত্নীতলা, ধামইরহাট, আত্রাই ও রাণীনগর থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গতকাল বুধবার (১১ নভেম্বর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে পাঁচজন রয়েছেন। তারা হলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল বারী ডলার, শাহানুর নেওয়াজ লিখন, নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৬৬), একই ওয়ার্ড ছাত্রলীগের সদস্য জয়দীপ সাহা (২২) এবং কীর্তিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাতুজ্জামান।

এ ছাড়া পত্নীতলা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার মো. ইয়াছিন আলী (৪২) ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামান চৌধুরী (৪৯)।

অন্যদিকে ধামইরহাট, আত্রাই ও রাণীনগর থানা পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন তুহিন হোসেন ওরফে তুহিন মৃধা (২৭), মো. আল শাহরিয়ার হোসেন এবং আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বি জুয়েল।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com