সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গঙ্গাচড়ায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. আতাউর রহমান ওরফে আতা (৪৬) এবং খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)।

আতাউর রহমান বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। অন্যদিকে এনছান আলী খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার থেকে আতাউর রহমানকে এবং রাতের দিকে খলেয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে এনছান আলীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গঙ্গাচড়া থানার এফআইআর নম্বর-২৮ (২১ সেপ্টেম্বর ২০২৫) ও জিআর নম্বর-৩১১-এর একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com