চট্টগ্রামে মাদক ও আধিপত্যের বিরোধে সোবহান হত্যা, নারীসহ গ্রেপ্তার ২
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আধিপত্য বিস্তার ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমির হোসেন প্রকাশ বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)। এদিকে পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে শওকত গ্রুপের কয়েকজন সদস্য আব্দুস সোবহানের বাড়ির সামনের গলির মুখে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় সোবহানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুস সোবহান নগরের বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তিনি নুর ইসলামের ছেলে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে সোবহান হত্যার ঘটনায় অভিযান চালিয়ে আমির হোসেন প্রকাশ বুলেট ও মোমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিহতের বিরুদ্ধে ১৯টি মামলা বিচারাধীন
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সোবহানের বিরুদ্ধে অতীতে একাধিক হত্যা, মাদক, মারামারি ও অস্ত্র আইনে মামলা ছিল। এসব ঘটনায় তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ২০২৫ সালের ২৫ জুলাই বাকলিয়ার আরাকান রোডসংলগ্ন গাফফার কলোনি এলাকায় মাদক কারবারি মহিউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের পরিকল্পনায় সোবহানের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
পুলিশের দাবি, মাদক কারবারের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভাড়াটে খুনি দিয়ে বিদেশি অস্ত্রের মাধ্যমে মহিউদ্দিনকে হত্যা করান সোবহান। পরে তিনি নিজেই পুলিশকে ফোন করে হত্যাকারীকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সহায়তা করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
তবে ওই হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৮ আগস্ট সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ।
বর্তমান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুজনের ভূমিকা এবং অন্য জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।