জয়পুরহাটে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় উৎসব শুরু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

বৃহস্পতিবার, ১২ নভেম্বর সকাল ১১:৩০ ঘটিকার দিকে ‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে আদিবাসীদের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর কালীপূজার দুই দিন পর সদর উপজেলার পালী গ্রামের বুড়ি কালী মন্দির চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে জয়পুরহাট ও আশপাশের জেলা থেকে আসা অর্ধশতাধিক আদিবাসী দল অংশ নেয়। লাল, সাদা ও সবুজ শাড়ি পরে মাথায় ফুল গুঁজে ঢাক ও শাঁখের তালে নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

শেষে বিজয়ী তিনটি দলকে পুরস্কৃত করা হয়। উৎসবকে ঘিরে মন্দির চত্বরে বসেছে মন্ডা-মিঠাই ও হরেক রকম খেলনার গ্রামীণ মেলা, যা দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ।

সহরায় সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির সভাপতি দিলীপ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি রতন সিং এবং বাংলাদেশ আদিবাসী সংঘের সাবেক সভাপতি কার্তিক সিং প্রমুখ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com