ইয়াসিনের ৬৪টি জমির দলিল এক দিনেই নিবন্ধন, সাবরেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল এক দিনেই নিবন্ধন করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষরিত আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল করিম বকসী বাংলানিউজকে বলেন, রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের আদেশে বলা হয়েছে, রায়হান হাবিব সীতাকুণ্ডের সাবেক সাবরেজিস্ট্রার। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন তাঁকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৬৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করেন তৎকালীন সাবরেজিস্ট্রার রায়হান হাবিব।

গত ২৮ অক্টোবর বিষয়টি জানাজানি হলে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে মৌখিক অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, র‌্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিন জঙ্গল সলিমপুরে ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেছেন। সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা হয়।

প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গড়ে ওঠা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এর মধ্যে আলীনগর এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন ও তাঁর বাহিনীর আধিপত্য ছিল। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে চলতি বছরের ৯ মার্চ প্রথমবারের মতো সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালান। ওই অভিযানের মাধ্যমে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে ইয়াসিন ও তাঁর সহযোগীরা পলাতক রয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এস এম পাইলট উচ্চবিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ে র‌্যাব ও পুলিশের সমন্বয়ে পৃথক দুটি চৌকি স্থাপন করা হয়।

এদিকে জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সেখানে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

জঙ্গল সলিমপুরের বিপুল পরিমাণ সরকারি জমি দখল, সন্ত্রাসী তৎপরতা এবং জমি কেনাবেচা ঘিরে ওঠা অভিযোগের মধ্যে ৬৪টি দলিল এক দিনে নিবন্ধনের ঘটনা নতুন করে প্রশাসনিক তদারকি ও ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখন বিভাগীয় তদন্তে এসব দলিল নিবন্ধনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা কতটা আইনসম্মত ছিল, তা স্পষ্ট হওয়ার অপেক্ষা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com