উপকূলের আড়ালে চোরাচালানের সিন্ডিকেট: দেশীয় পণ্যের পথে মাদকের আগ্রাসন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
বাংলাদেশের উপকূল কেবল সমুদ্রসীমা নয়; এটি দেশের অর্থনীতি, কৃষি, বাণিজ্য, নিরাপত্তা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। অথচ সেই উপকূলীয় জলপথই যদি দেশীয় সম্পদ পাচার এবং মরণনেশা মাদকের অনুপ্রবেশের নিরাপদ করিডরে পরিণত হয়, তাহলে উদ্বেগের বিষয়টি আর শুধু আইনশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়ায়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড ও পতেঙ্গা উপকূল ঘিরে সার, সিমেন্টসহ বিভিন্ন পণ্য পাচারের যেসব ঘটনা সামনে এসেছে, তা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পাচার হওয়া এসব পণ্যের বিনিময়ে ইয়াবা ও আইসের মতো মাদক দেশে প্রবেশের অভিযোগ সত্য হলে, এটি নিছক চোরাচালান নয়; বরং দেশের অর্থনীতি, জননিরাপত্তা ও তরুণ প্রজন্মের ভবিষ্যতের বিরুদ্ধে পরিচালিত একটি বহুমাত্রিক অপরাধের ইঙ্গিত।
দেশীয় সম্পদ পাচার, বিনিময়ে মাদকের অনুপ্রবেশ
কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার ভর্তুকি দিয়ে সার সরবরাহ করে। অন্যদিকে দেশের অবকাঠামো ও নির্মাণ খাত সচল রাখতে সিমেন্টের মতো পণ্যের সরবরাহও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পণ্য দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার জন্য সরবরাহ করা হয়। কিন্তু সেই সম্পদ যদি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্র, কৃষক, ব্যবসায়ী এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষ।
গত অক্টোবরের শেষ দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রজেক্টের চল্লিশ গেইট এলাকা থেকে দুই ট্রাকে করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৩০১ বস্তা, অর্থাৎ প্রায় ১৫ হাজার কেজি ইউরিয়া সার জব্দের ঘটনা এই উদ্বেগকে আরও গভীর করেছে। একইভাবে পতেঙ্গা উপকূলীয় এলাকায় কোস্ট গার্ডের অভিযানে একটি কার্গো বোট থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭০ টন সিমেন্ট উদ্ধারের ঘটনাও বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই।
প্রশ্ন হচ্ছে, ভর্তুকির সার কিংবা দেশের বাজারের জন্য নির্ধারিত নির্মাণসামগ্রী কীভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে উপকূল পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে? কারা এসব পণ্য সরবরাহ করছে, কারা পরিবহন করছে এবং কারা নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে? এসব প্রশ্নের উত্তর উদ্ঘাটন করা না গেলে শুধু চালান জব্দ করে চোরাচালান বন্ধ করা সম্ভব হবে না।
পণ্যের বিনিময়ে মাদক: অপরাধের ভয়ংকর সমীকরণ
এই চোরাচালানের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো এর সম্ভাব্য বিনিময়ব্যবস্থা। অভিযোগ রয়েছে, সার ও সিমেন্টের মতো পণ্য পাচারের বিনিময়ে নগদ অর্থের পাশাপাশি ইয়াবা ও আইসের মতো মাদকও লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তদন্তে এমন তথ্যের সত্যতা প্রতিষ্ঠিত হলে তা হবে একটি ভয়ংকর আন্তসীমান্ত অপরাধী নেটওয়ার্কের অস্তিত্বের ইঙ্গিত।
একদিকে দেশীয় কৃষি ও নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ পণ্য দেশের বাইরে চলে যাচ্ছে, অন্যদিকে সেই অবৈধ বাণিজ্যের বিনিময়ে দেশে প্রবেশ করছে এমন মাদক, যা তরুণ প্রজন্মের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনকে ধ্বংস করছে। অর্থাৎ একদিকে রাষ্ট্র হারাচ্ছে অর্থনৈতিক সম্পদ, অন্যদিকে বিপন্ন হচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ—মানবসম্পদ।
গত অক্টোবর মাসে চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকায় কক্সবাজার থেকে আসা একটি ট্রাকের বিশেষ গোপন চেম্বার কেটে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনা মাদক পরিবহনে অপরাধীদের অভিনব কৌশলের একটি উদাহরণ। পটিয়াসহ চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত বড় বড় মাদকের চালান উদ্ধারের ঘটনাও প্রমাণ করে, মাদক পরিবহনে অপরাধীরা একাধিক পথ ও কৌশল ব্যবহার করছে।
তবে সার-সিমেন্ট পাচার এবং ইয়াবা প্রবেশের মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে কি না, তা অনুমাননির্ভরভাবে নির্ধারণ করা যাবে না। গোয়েন্দা তথ্য, আর্থিক লেনদেন, যোগাযোগের সূত্র এবং সংশ্লিষ্ট চালানের উৎস ও গন্তব্য বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি তদন্তে প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে সম্ভাব্য এই যোগসূত্র অনুসন্ধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
মীরসরাই-সীতাকুণ্ড-পতেঙ্গা: কেন অপরাধীদের নজরে?
চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে নদী, খাল, চরাঞ্চল ও বিস্তৃত বেড়িবাঁধ। মীরসরাইয়ের মুহুরী প্রজেক্ট ও ইছাখালীর উপকূল, সীতাকুণ্ডের বিভিন্ন নৌপথ এবং পতেঙ্গা সংলগ্ন জলসীমা পণ্য পরিবহনের পাশাপাশি নজরদারির ক্ষেত্রে ও বিশেষ চ্যালেঞ্জ তৈরি করে।
অপরাধীরা সাধারণত এই ভৌগোলিক বাস্তবতাকে কাজে লাগানোর চেষ্টা করে। রাতের আঁধারে কার্গো বোট চলাচল, ছোট নৌযানের মাধ্যমে পণ্য স্থানান্তর, ট্রাকে গোপন চেম্বার তৈরি এবং একাধিক পরিবহনপথ ব্যবহার—এসব কৌশল নজরদারি এড়িয়ে চোরাচালান পরিচালনার জন্য ব্যবহৃত হতে পারে।
এর সঙ্গে যুক্ত হতে পারে স্থানীয় পর্যায়ের অসাধু ব্যবসায়ী, সরবরাহকারী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রভাবশালী অপরাধীদের যোগসাজশ। তবে তদন্তের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়ী করা সমীচীন নয়। বরং প্রয়োজন তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো অপরাধী নেটওয়ার্ক শনাক্ত করা এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা।
বাহক নয়, ভাঙতে হবে চোরাচালানের অর্থনৈতিক শিকড়
চোরাচালান দমনে প্রায়ই দেখা যায়, কোনো চালান জব্দ হয়, কয়েকজন শ্রমিক, চালক কিংবা বহনকারী গ্রেপ্তার হন। এরপর কিছুদিন অভিযান চলে, কিন্তু মূল চক্র থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। ফলে কিছুদিনের ব্যবধানে একই পথে আবারও নতুন চালান আসে।
এই বাস্তবতা থেকে বেরিয়ে আসতে হলে অপরাধ দমনের কৌশলে পরিবর্তন আনতে হবে। শুধু পণ্য উদ্ধার কিংবা বাহক গ্রেপ্তার নয়, চোরাচালানের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে।
কারা সার ও সিমেন্টের বড় চালান সংগ্রহ করছে, কোন ডিলার বা সরবরাহব্যবস্থা থেকে এসব পণ্য বের হচ্ছে, কারা পরিবহনের ব্যবস্থা করছে, কোন নৌযান ব্যবহার করা হচ্ছে এবং পাচারের অর্থ কোথায় যাচ্ছে—এসব তথ্য একসূত্রে এনে তদন্ত করতে হবে।
প্রয়োজনে সন্দেহজনক আর্থিক লেনদেন, ব্যাংক হিসাব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের উৎস পরীক্ষা করতে হবে। অপরাধলব্ধ অর্থের প্রবাহ শনাক্ত ও বন্ধ করা গেলে চোরাচালান সিন্ডিকেটের আর্থিক শক্তিও দুর্বল হবে।
কারণ, চোরাচালানের পেছনে যারা অর্থ বিনিয়োগ করে, পরিকল্পনা করে এবং রাজনৈতিক, সামাজিক কিংবা প্রশাসনিক প্রভাব কাজে লাগিয়ে নিরাপদ পথ তৈরি করে দেয়, তাদের আইনের আওতায় না আনলে এই অপরাধের স্থায়ী অবসান ঘটবে না।
প্রতিরোধে প্রয়োজন সমন্বিত ও জবাবদিহিমূলক ব্যবস্থা
উপকূলীয় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি কার্যক্রম।
প্রথমত, মীরসরাই, সীতাকুণ্ড ও পতেঙ্গার ঝুঁকিপূর্ণ উপকূলীয় জলপথে কোস্ট গার্ড, নৌপুলিশ, বিজিবি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। ঝুঁকিপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে নিয়মিত টহল, রাতের নজরদারি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে।
দ্বিতীয়ত, সার সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। উপকূলীয় ও সীমান্তসংলগ্ন এলাকায় কোন ডিলার কত সার বরাদ্দ পাচ্ছেন, কোথায় বিক্রি করছেন এবং প্রকৃত কৃষকের কাছে তা পৌঁছাচ্ছে কি না, নিয়মিত নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। একইভাবে সিমেন্টসহ অন্যান্য পণ্যের বড় চালানের উৎস, পরিবহন ও গন্তব্য যাচাইয়ের ব্যবস্থা জোরদার করতে হবে।
তৃতীয়ত, মাদক ও পণ্য পাচারের সম্ভাব্য যোগসূত্র অনুসন্ধানে পৃথক অভিযানের পরিবর্তে সমন্বিত তদন্ত পরিচালনা করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস, কোস্ট গার্ড, পুলিশ এবং আর্থিক গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় বাড়াতে হবে।
চতুর্থত, স্থানীয় জনগণকে অপরাধ প্রতিরোধের অংশীদার করতে হবে। উপকূলের জেলে, নৌযানচালক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অনেক সময় সন্দেহজনক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী হন। তাঁদের নিরাপদে তথ্য দেওয়ার সুযোগ এবং পরিচয় সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করা গেলে অপরাধীদের গতিবিধি শনাক্ত করা সহজ হবে।
পঞ্চমত, এসব অপরাধে কোনো ধরনের প্রভাব, রাজনৈতিক পরিচয় কিংবা প্রশাসনিক যোগসাজশের অভিযোগ পাওয়া গেলে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধী যে পরিচয়েরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শৈথিল্য থাকা উচিত নয়।
উপকূল রক্ষা মানে রাষ্ট্রের অর্থনীতি ও ভবিষ্যৎ রক্ষা
মীরসরাই, সীতাকুণ্ড কিংবা পতেঙ্গার উপকূলকে চোরাচালানের নিরাপদ রুটে পরিণত হতে দেওয়া যায় না। কারণ, এখানে ঝুঁকি শুধু কয়েক হাজার বস্তা সার কিংবা কয়েক টন সিমেন্ট হারানোর নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ন্যায্যমূল্যে উৎপাদনের অধিকার, দেশের বাজারব্যবস্থার স্থিতিশীলতা, সীমান্ত নিরাপত্তা এবং একটি প্রজন্মকে মাদকমুক্ত রাখার রাষ্ট্রীয় দায়িত্ব।
রাষ্ট্রের দায়িত্ব কেবল অবৈধ পণ্য জব্দ করা নয়; কেন এসব পণ্য পাচার হচ্ছে, কারা এর পেছনে অর্থ বিনিয়োগ করছে, কারা পরিবহন ও নিরাপদ পারাপারের ব্যবস্থা করছে এবং কীভাবে সেই অবৈধ বাণিজ্যের সঙ্গে মাদক প্রবেশের সম্ভাব্য যোগসূত্র তৈরি হচ্ছে—তার পূর্ণাঙ্গ চিত্র উন্মোচন করা।
অপরাধের দৃশ্যমান বাহকদের পাশাপাশি নেপথ্যের পরিকল্পনাকারী, অর্থদাতা, সরবরাহকারী ও সুবিধাভোগীদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তা দূর করতে হবে।
মনে রাখতে হবে, উপকূলের নিরাপত্তা দুর্বল হলে তার সুযোগ নেয় অপরাধীরা। আর অপরাধের শিকড় অক্ষত থাকলে অভিযান শেষ হওয়ার পরও নতুন করে গড়ে ওঠে পুরোনো সিন্ডিকেট। তাই এখন প্রয়োজন লোকদেখানো অভিযান নয়; প্রয়োজন ধারাবাহিক, গোয়েন্দানির্ভর, সমন্বিত ও জবাবদিহিমূলক ব্যবস্থা।
দেশের সার-সিমেন্ট পাচার হয়ে যাবে, আর তার বিনিময়ে ইয়াবা ঢুকে ধ্বংস করবে তরুণ প্রজন্ম—এমন ভয়ংকর বাস্তবতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উপকূলকে চোরাচালানমুক্ত করা এখন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; এটি রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জাতীয় অঙ্গীকার।
লেখক: মোহাম্মদ হাসান, সাংবাদিক ও কলামিস্ট।