কুষ্টিয়ার দৌলতপুরে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি জানান সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি। সেখানে তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”
পোস্টে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যম কালবেলাকে জানান, কে বা কারা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
উল্লেখ্য, নুসরাত তাবাসসুম জ্যোতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং দলটির নারী শাখা জাতীয় নারী শক্তির প্রধান সংগঠক। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৫০ (সংসদীয় আসন ৩৫০)-এর সংসদ সদস্য। জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তার অনুসারীদের ।