‎লালমনিরহাটে উৎসবমুখর আয়োজনে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীনবরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট:

‎নতুন শিক্ষার্থীদের বরণ, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা এবং শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীদের উৎসাহিত করার মধ্য দিয়ে লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীনবরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। নিজেদের যোগ্য ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।‎

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক। এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল হক, বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি কমিটির আহ্বায়ক ধীরাজ কুমার রায়, মো. শরিফুল রহমান অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম সাদেকীসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতা- ২০২৬ - এর ২১টি ইভেন্টে বিজয়ী মোট ৬৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com