চট্টগ্রামে ফুটপাতের দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল চসিক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে তোলা দুই শতাধিক দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযান সূত্রে জানা যায়, বহদ্দারহাট এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত অবৈধ দখলমুক্ত করা হয়।
চসিক সূত্র জানায়, নগরীর ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষায় অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চান্দগাঁও থানা পুলিশের সদস্যরাও অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সহযোগিতা করেন।