হত্যা মামলার আসামি ঢাকার আদালত থেকে পালিয়ে নেত্রকোণার পূর্বধলায় গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
মোঃ নজরুল ইসলাম :পূর্বধলা নেত্রকোনা
ঢাকার আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার পর নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়ি থেকে মো. কাউসার মিয়া (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কাউসার ওই গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির করার পর দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে যান কাউসার। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার একটি দল। পরে পূর্বধলা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কাউসারকে গ্রেফতারের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার সদস্যরা ঢাকায় নিয়ে গেছেন।
পুলিশ জানায়, ১৭ বছর বয়সী পোশাকশ্রমিক আলো আক্তার হত্যা মামলার সন্দেহভাজন আসামি কাউসার। ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয় আলো আক্তারকে। এ ঘটনায় পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন। ঘটনার দিনই সন্দেহভাজন হিসেবে টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেফতার করেছিল পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার জানিয়েছিলেন, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভ থেকে তিনি হত্যাকাণ্ড ঘটান বলে জবানবন্দিতে উল্লেখ করেন।
এদিকে আদালতের এজলাস থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।