রংপুরে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি:
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। এ সময় ২৫টি বাঁশের লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ছোট-বড় ২৩০টি পাথরের টুকরা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ৪টার দিকে কাউনিয়া উপজেলার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নাজিরদহ গ্রামের মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), রাজিব গ্রামের শাহআলম (৩৮), সদরা তালুক গ্রামের হেকমত আলী (৩৫) এবং নিজপাড়া গ্রামের শাহরিয়ার রাকিব (২৬)।
তাঁদের মধ্যে মোস্তফা কামাল হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহআলম যুবলীগের ওয়ার্ড সহ-সভাপতি এবং হেকমত আলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে, রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুজন হলেন—বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা প্রতিরোধে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় তাঁদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।