প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল আসরে খুকৃবি, ১৭ সদস্যের দল ঘোষণা ও জার্সি উন্মোচন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পিএম
নাজমুস সাকিব, খুকৃবি প্রতিনিধি:
প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া আসরে অংশ নিতে যাচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি)। আসন্ন ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭’-এ অংশগ্রহণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির ১৭ সদস্যের চূড়ান্ত ফুটবল দল ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে দলের জার্সি।
শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলের জার্সি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. রাজিবুল করিম। এ ছাড়া বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অভিনন্দন জানান।
আসন্ন টুর্নামেন্টে খুকৃবি ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মো. মুশফিকুর রহমান এবং সহ-অধিনায়ক হিসেবে থাকবেন সিজান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার বলেন, “খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত সহযোগিতা এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে অপরিহার্য ভূমিকা রাখে।”
প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় খুকৃবির অংশগ্রহণকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি খেলোয়াড়দের সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে মাঠে নামার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হবে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-২৭’। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল অংশগ্রহণ করবে। প্রথমবারের অংশগ্রহণেই নিজেদের সেরাটা তুলে ধরে ভালো ফলাফল অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আশাবাদী খুকৃবি ফুটবল দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা।