জয়পুরহাটে ফেনসিডিলসহ গ্রেপ্তার-১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট সদর উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মুঠোফোনও জব্দ করা হয়।
বৃহস্পতিবার ১২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার রায়হান হোসেন ওই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
শুক্রবার ১৩ নভেম্বর এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তর পেচুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রায়হান হোসেনকে আটক করার পর তাঁর হেফাজত থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা আলামত জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।