রংপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন সভাপতি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের গংগাচড়ায় অভিযান চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মর্ণেয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. মহসিন আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে উপজেলার মৌভাষা তালেরটারি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গংগাচড়া থানা পুলিশের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে মহসিন আলীকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর বাবার নাম মৃত মনতাজ উদ্দিন এবং মায়ের নাম মৃত কোহিনুর বেগম। তিনি উপজেলার মৌভাষা তালেরটারি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গংগাচড়া মডেল থানার মামলা নম্বর-২৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫-এর মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২)(ঈ), ৮, ৯(৩), ১০ ও ১২ ধারায় মামলাটি করা হয়েছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।