চট্টগ্রামের তিন প্রবেশদ্বারে বসছে স্পিড ক্যামেরা, অতিরিক্ত গতিতে চললেই ব্যবস্থা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ তিনটি প্রবেশদ্বারের সড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, সিটি আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ লক্ষ্যে সিএমপিকে সাতটি অত্যাধুনিক লেজার স্পিড ক্যামেরা দিয়েছে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, চট্টগ্রামে চলাচলকারী ৪৪ শতাংশের বেশি যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করে। অতিরিক্ত গতির কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতেই স্পিড ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিএমপি জানায়, গত ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী স্পিড ক্যামেরা পরিচালনাবিষয়ক প্রশিক্ষণ দিয়েছে জিআরএসপি। প্রশিক্ষণে এলটিআই ২০/২০ ট্রুক্যাম-২ মডেলের অত্যাধুনিক ক্যামেরা পরিচালনা, রক্ষণাবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং সড়কে এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আইন প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সদস্যদের নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। গতিসীমা নিয়ন্ত্রণের এ কার্যক্রম প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে। সাতটি স্পিড ক্যামেরা সিএমপির প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে। এর মাধ্যমে অতিরিক্ত গতিতে চলাচলকারী যানবাহন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্পিড ক্যামেরার ব্যবহার কার্যকর হলে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনতে ইতিবাচক ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com