শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা প্রত্যাহার চায় অ্যামনেস্টি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
শেখ জোবায়ের আল জামান,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
নারী অধিকারকর্মী ও সাতক্ষীরা ভিত্তিক নারী উন্নয়ন সংস্থা প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
একই সঙ্গে শম্পা গোস্বামী ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ এবং তাঁর ওপর আরোপিত বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংস্থাটি।
বুধবার (১১ নভেম্বর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এমন একটি মামলা করা হয়েছে, যার শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত সপ্তাহে তিনি আট সপ্তাহের আগাম জামিন পেলেও এটি কেবল সাময়িকভাবে গ্রেপ্তার থেকে সুরক্ষা দিচ্ছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা এবং তাঁকে ঘিরে চলমান ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলো এখনো উদ্বেগজনক।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর থানায় দণ্ডবিধির ১২৪এ ধারায় শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ১৪ আগস্ট প্রেরণার কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি নির্বাচিত সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
অ্যামনেস্টি জানায়, শম্পা গোস্বামীকে ঘিরে হয়রানি কেবল মামলার মধ্যেই সীমাবদ্ধ নেই। তাঁর ওপর নজরদারি, ভয়ভীতি প্রদর্শন এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগও রয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ২১ আগস্ট ইন্দোনেশিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাওয়ার সময় বিমানবন্দরে তাঁকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়। এখনো তাঁর ওপর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
শম্পা গোস্বামীর নেতৃত্বাধীন প্রেরণা ২০০৬ সাল থেকে নারী অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে কাজ করে আসছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও প্রেরণার বিভিন্ন প্রকল্পের প্রশাসনিক অনুমোদন পেতে বিলম্ব হচ্ছে। এর ফলে সংস্থাটির স্বাভাবিক ও বৈধ কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি শম্পা গোস্বামী ও তাঁর পরিবারের সদস্যদের সব ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ, বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রেরণার কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিবৃতির শেষাংশে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোর দিয়ে বলেছে, “মানবাধিকার রক্ষা করা কোনো অপরাধ নয়।”