জোরারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটসহ ৩১ জন আসামি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:২৬ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট, মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জোরারগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। থানার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুযায়ী, মামলার নম্বর ১৬। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০২৫) এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী একরাম উদ্দিন নাসির (৫৫)। তাঁর বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১২ অক্টোবর সকাল আনুমানিক ১০টার দিকে বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মুখে এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সবেক সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই উপজেলা যুবলীগের আহ্বায়ক, মানারাথ চৌধুরী বাবু, যুগ্ম আহ্বায়ক আশিফুর রহমান শাহীন, ভিপি মোজাম্মেল হোসেন চৌধুরী শামীম, সহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিরা।

এজাহারের অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় মহাসড়কে ককটেল ও হাতবোমার বিস্ফোরণ এবং পিস্তল থেকে গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়। পাশাপাশি বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর, সাধারণ ও গুরুতর জখম, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ ও আটকে রাখা, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং চুরির অভিযোগ আনা হয়েছে।

এজাহারে চুরি যাওয়া সম্পত্তির আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৯০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। তবে উদ্ধার করা সম্পত্তির পরিমাণ শূন্য বলে এফআইআরে উল্লেখ রয়েছে।

মামলার এজাহারে ঘটনার তারিখ ১২ অক্টোবর ২০২২ উল্লেখ থাকলেও অভিযোগটি থানায় দাখিল ও মামলা রুজু হয়েছে ১১ নভেম্বর ২০২৬। দীর্ঘ সময় পর মামলা দায়েরের কারণ হিসেবে বাদীর লিখিত অভিযোগে বিলম্বের ব্যাখ্যা রয়েছে বলে প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

জোরারগঞ্জ থানার এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে সাব-ইন্সপেক্টর মো. সাদ্দাম হোসেনের নাম উল্লেখ রয়েছে।

তবে মামলায় নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com