গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি, শেষ রক্ষা হয়নি: দুই সহযোগীসহ ১৩ মামলার আসামি শাহ আলম গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান: গ্রেপ্তার এড়াতে নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দিয়েও শেষ রক্ষা হয়নি শাহ আলমের। ধর্ষণ ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলার এই আসামিকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রামের সদরঘাট থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সদরঘাট থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভোরে সদরঘাট থানার আইচ ফ্যাক্টরি রোডে কলেজিয়েট স্কুলের বিপরীত পাশে একটি ভাড়া বাসায় অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় একটি অপরাধী চক্র। এ সময় ভাতিজার চিকিৎসার জন্য জমানো ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাধা দিলে মানিক নামের এক যুবককে উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী আবু রায়হান বাদী হয়ে শাহ আলমসহ চারজনকে আসামি করে সদরঘাট থানায় মামলা করেন।

সদরঘাট থানার মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শাহ আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ধর্ষণ ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের গলায় ছুরি ধরে আত্মহত্যার হুমকি দেন। তবে পুলিশের বুদ্ধিমত্তা ও কৌশলগত অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাঁকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা সম্ভব হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com