চট্টগ্রাম রেঞ্জে একদিনে ১,০৮৭ জন গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের ১৮০ সদস্য আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী বিশেষ অভিযানে চট্টগ্রাম রেঞ্জে এক দিনে ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫২৪ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার (১২ নভেম্বর) রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় এসব অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে গ্রেপ্তার ও অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৯ জন, আগের মামলার আসামি ১৭৭ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ২৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৬৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ৫৬ জন মাদকসেবী ও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে ৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়। এসব ঘটনায় ২৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৮০ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে রেঞ্জ পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৪২ জন, কক্সবাজারে ১৬, কুমিল্লায় ৪২, ব্রাহ্মণবাড়িয়ায় আট, চাঁদপুরে ১৩, নোয়াখালীতে ১১, লক্ষ্মীপুরে ১৫, ফেনীতে ছয়, রাঙামাটিতে নয় এবং খাগড়াছড়িতে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ তৎপরতা নিয়ন্ত্রণে পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com