ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পূর্ত কাজ, হস্তান্তর হচ্ছে ৩৬ খাল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের পূর্ত কাজ আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে নগরীর ৩৬টি খালের দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৯৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে হিজরা খালের অসমাপ্ত অংশের নির্মাণকাজে।
হিজরা খালের পাশাপাশি নোয়াখাল, মহেশখালী ও জামালখান খালের কয়েকটি অংশেও নির্মাণকাজ চলছে। ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের পূর্ত কাজ শেষ হলেও ভূমি অধিগ্রহণের কার্যক্রম আগামী মার্চ পর্যন্ত চলতে পারে। মার্চ থেকে খালগুলোর দায়িত্ব হস্তান্তর শুরু করতে একটি রোডম্যাপ তৈরি করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩৬টি খালের মধ্যে হিজরা খালের প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ কাজ এখনো বাকি রয়েছে। দ্রুত কাজ শেষ করতে গত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে পুরোদমে নির্মাণকাজ শুরু করেছেন সংশ্লিষ্ট ঠিকাদাররা। হিজরা খালের বিভিন্ন অংশে ভাগ করে একাধিক ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বাড়ানো হয়েছে নির্মাণকাজের গতি।
এ ছাড়া নোয়াখাল খালের ইস্পাহানি ও ওসমানিয়া পুলসংলগ্ন অংশ, মহেশখালী খালের ফইল্লাতলী বাজার এবং জামালখাল খালের সাব-এরিয়া ও রহমতগঞ্জ এলাকায় কিছু কাজ বাকি রয়েছে। নোয়াখাল খালের শমশের পাড়া এলাকায় একটি সেতুর নির্মাণকাজও চলছে। এন মোহাম্মদ গ্রুপের কাছের সেতুটির কাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে দুই পাশের গাইডওয়াল, একটি সাপোর্টিং কালভার্ট ও কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে। কয়েকটি স্থানে স্ল্যাব নির্মাণের কাজও শেষ পর্যায়ে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহসিনুল হক চৌধুরী বলেন, ‘ইতোমধ্যে প্রকল্পের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। অসমাপ্ত কাজের অধিকাংশই ছোট ছোট অংশে সীমাবদ্ধ। আশা করছি, আগামী ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রকল্পের পূর্ত কাজ শেষ করতে পারব। তবে ভূমি অধিগ্রহণের কার্যক্রম আগামী মার্চ মাস পর্যন্ত চলতে পারে।’
ভূমি অধিগ্রহণের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, এ জন্য মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলার সরকারি অনুমোদন পাওয়া গেছে। হিজরা খালের ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে বরাদ্দ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়াও শুরু হয়েছে। গত তিন সপ্তাহ ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এ অর্থ বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জমির মালিকরা ক্ষতিপূরণের টাকা বুঝে নিচ্ছেন।
বাকি মামলাগুলোর অনুমোদন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন প্রকল্প পরিচালক। সে ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের কার্যক্রম মার্চ পর্যন্ত গড়াতে পারে।
প্রকল্পের পূর্ত কাজ শেষ হওয়ার পর খালগুলোর দায়িত্ব চসিকের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মহসিনুল হক চৌধুরী বলেন, দীর্ঘ আট বছরের অভিজ্ঞতায় খালগুলোর রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব কৌশল অনুসরণ করা হয়েছে, সেগুলো সিটি করপোরেশনের সঙ্গে বিনিময় করা হবে। এতে খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সহজ হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে দুই থেকে তিন মাস সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে খালগুলোর রক্ষণাবেক্ষণ করা হবে। এরপর চসিক এককভাবে এসব খালের দায়িত্ব পালন করবে। তবে নির্মিত অবকাঠামোয় কোনো ত্রুটি বা কাঠামোগত সমস্যা দেখা দিলে এক বছরের ত্রুটি দায়বদ্ধতার (ডিফেক্ট লায়াবিলিটি) আওতায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা তা মেরামত করবে। এ জন্য ঠিকাদারদের জামানত হিসেবে রাখা নিরাপত্তা অর্থ ব্যবহার করা হবে।
নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নেওয়া এ মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার পাশাপাশি খালগুলোর দায়িত্ব হস্তান্তর এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তবে প্রকল্পের সুফল কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে পরবর্তী সময়ে খালগুলোর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, দখলমুক্ত রাখা এবং কার্যকর রক্ষণাবেক্ষণের ওপর।