‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতায় খুকৃবির সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

নাজমুস সাকিব, খুকৃবি প্রতিনিধি:

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী খুবি ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিযোগিতা ও বিজ্ঞান প্রদর্শনীতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এতে মোট ৭৫টি বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করা হয়।যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৫০টি প্রকল্প নির্বাচিত হয়। প্রতিযোগিতায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মোট সাতটি দল অংশগ্রহণ করে। এর মধ্যে চারটি দল নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। নির্বাচিত দলগুলোর নেতৃত্ব দিয়েছেন যথাক্রমে মুশফিকুর রহমান, সজল আহমেদ, মুশফিকুর রহমান রিয়াদ এবং গাজী তানবীর আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন এবং তাঁদের চিন্তাভাবনা ও উদ্ভাবনের সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। প্রকল্প পরিদর্শন শেষে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত কৃষি, মৎস্য ও গবাদিপশুবিষয়ক প্রকল্পগুলোর প্রশংসা করে বলেন, “এই প্রকল্পগুলো খুবই আশাব্যঞ্জক এবং এগুলোর ভবিষ্যতে বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ রয়েছে। যাঁরা এসব উদ্যোগ নিয়েছেন, তাঁরা যেন আরও বড় পরিসরে কাজ করতে পারেন, সে ক্ষেত্রে আমরা সর্বাত্মক ভূমিকা রাখব।”

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, “ডিজিটাল যুগে আজকের এই উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী। শিক্ষার্থীদের এই উদ্ভাবনগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে প্রিয় বাংলাদেশকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।”

আয়োজক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, দেশব্যাপী তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করা এবং তাঁদের উদ্ভাবনী শক্তি ও গবেষণাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com