পাবনা-ঢাকা রুটে ট্রেন চালুর উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক সভা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

পাবনা প্রতিনিধিঃ

আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা-পাবনা রুটে চালু হতে যাচ্ছে নতুন আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পাবনা নাগরিক কমিটির উদ্যোগে জেলা পরিষদের রশীদ হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল বাসার খান জুয়েল। 

সভায় বক্তব্য দেন পাবনা অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ মোঃ বাহেজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, পাবনা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এর ফলে রাজধানীর সঙ্গে পাবনার যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। নতুন ট্রেন দুটির সুষ্ঠু পরিচালনা এবং যাত্রীসেবার মান নিশ্চিত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। পরদিন ২০ নভেম্বর থেকে ট্রেনটি বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেল ৩টা ২৫ মিনিটে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। এরপর ২১ নভেম্বর সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com