সাংবাদিকতায় আসছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধনের নিয়ম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
মোঃ মিলন শাহ , বিশেষ প্রতিনিধি, নওগাঁ
সাংবাদিকতা পেশাকে আরও সুশৃঙ্খল, পেশাদার এবং জবাবদিহিমূলক করতে বড় ধরণের আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন সংশোধন করে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং ভুয়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা চলছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
বার কাউন্সিলের আদলে প্রেস কাউন্সিলকে সাংবাদিকদের নিবন্ধন প্রদান এবং প্রকৃত সাংবাদিকদের নিয়ে একটি অনলাইন ডেটাবেইস তৈরির ক্ষমতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পেশার মান ও স্বীকৃতি নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। আচরণবিধি লঙ্ঘন, গুজব, ভুয়া খবর, বিদ্বেষমূলক বক্তব্য কিংবা মিথ্যা ও হয়রানিমূলক প্রতিবেদন প্রকাশ করলে সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক এবং সাংবাদিকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত ও জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পেতে পারে প্রেস কাউন্সিল।
সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ (ডিইউজে) বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। প্রকৃত সাংবাদিক কারা, সেই মানদণ্ড নির্ধারণে পেশাজীবী সংগঠনগুলোর মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও স্পষ্ট করেন যে, কে কোন পেশায় যুক্ত হবেন বা মানুষ কীভাবে মতপ্রকাশ করবেন তা সরকার নির্ধারণ করতে চায় না। সরকার যেমন মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তেমনি গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচারের প্রতিশ্রুতি রক্ষাতেও বদ্ধপরিকর।