পাঁচবিবিতে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নেতৃত্বে স্কাউট ও শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলার লতীহাটি দারুল ইসলা একাডেমী প্রাঙ্গণে স্কাউট ও শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ কাশপিয়া তাসরিন। এর আগে তিনি উপস্থিত সকলকে পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।
এছাড়াও জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া উপজেলার লকমা জমিদার বাড়ির চারপাশের অযাচিত আগাছা কেটে পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ইউএনও মিজ্ কাশপিয়া তাসরিন বলেন, "শুধু ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমই যথেষ্ট নয়; বরং সুস্থ থাকতে আপনার-আমার সবার বাসাবাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, লতীহাটি দারুল ইসলা একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, সহকারী প্রধান শিক্ষক মোঃ হাসিবুল আলম এবং বিডি ক্লিনের উপদেষ্টা জয়নুল আবেদীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।