নওগাঁয় পাঁচ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রদল
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নওগাঁ জেলা ছাত্রদল। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আযম (ভিপি রানা) ও খায়রুল আলম গোল্ডেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নওগাঁ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী সাবাতুন সাওদা। তিনি বলেন, বিএনপির প্রতি ভালোবাসা বাবার কাছ থেকেই শিখেছেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নতি ও মানুষের কল্যাণ কামনা করেন।
জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাদের হাতেই আগামীর নিরাপদ বাংলাদেশের দায়িত্ব। তাই ভালোভাবে পড়াশোনা করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, শিক্ষার্থীদের আজকের অর্জন তাদের কঠোর পরিশ্রমের ফল। তবে এটিই জীবনের শেষ সাফল্য নয়, সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে অধ্যবসায় ও পরিশ্রমের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান।
প্রধান বক্তা আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। অভিভাবকরা যে প্রত্যাশা নিয়ে সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। পাশাপাশি নওগাঁকে বিশ্বদরবারে পরিচিত করার মতো যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জীবনের প্রথম ধাপ। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের মধ্য থেকেই রাষ্ট্র পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি হবে উল্লেখ করে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।