রংপুরে জমি দখলের অভিযোগ, কেটে নেওয়া হলো ৫০০ বাঁশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের কুর্শা বলরামপুর আদর্শপাড়া গ্রামে পৈতৃক ও দলিলমূলে প্রাপ্ত জমি জবরদখল এবং প্রায় ৫০০ বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দিয়েও প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী বুলবুলি বেগম। একই সঙ্গে প্রাণনাশের হুমকি, বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ তুলে পরিবারের সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ২০১৯ সাল থেকে জমিজমা নিয়ে বিরোধের জেরে তারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন। সর্বশেষ গত ২৭ ও ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে। এ সময় জমিতে থাকা বিভিন্ন জাতের প্রায় ৫০০ বাঁশ কেটে নিয়ে যায়। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের। এ ঘটনায় বাধা দিতে গেলে বুলবুলি বেগম ও তাঁর ছেলে বুলবুল আহম্মেদকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করা হয়। পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে এজাহারভুক্ত আসামিরা হলেন মো.গোলাম মোস্তফা , মো. বেলাল মিয়া, মো. আইনুল মিয়া, মো. আজাহার আলী ও মোছা. মোহছেনা বেগম।
ভুক্তভোগী রওশন হাবিব বলেন, তাঁর স্ত্রী বুলবুলি বেগমকে মোহরানা বাবদ জমিটি লিখে দিয়েছেন। সেই জমিতে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক প্রবেশ করে প্রায় ৫০০ বাঁশ কেটে জমি দখলের চেষ্টা করেছেন। তিনি বলেন, 'আমরা থানায় গিয়ে বারবার প্রতিকার চেয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা পাইনি। গরিব বলে কি আমরা বিচার পাব না? আমরা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।'
বাদী বুলবুলি বেগম বলেন, তাঁর স্বামী মোহরানা বাবদ তাঁকে জমিটি লিখে দিয়েছেন। ওই জমির বাঁশ মোস্তফা জোর করে কাটতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাঁকে মারধরের চেষ্টা করা হয়। তিনি অভিযোগ করেন, থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি। পরে আদালতে মামলা দায়ের করেন। কিন্তু সেখানেও এখন পর্যন্ত কার্যকর প্রতিকার পাননি বলে দাবি তাঁর।
বুলবুলি বেগমের ছেলে বুলবুল আহম্মেদ বলেন, তাঁদের জমির বাঁশ কাটার খবর পেয়ে তিনি বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে মারতে উদ্যত হয়। প্রাণভয়ে তিনি নিজ বাড়িতে আশ্রয় নেন। এরপর থেকে বিভিন্ন সময় তাঁর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে। মোস্তফা, আইনুল, আজাহার ও বেলাল তাঁকে সুযোগ পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
বুলবুলের আরও অভিযোগ, তাঁকে মারধরের উদ্দেশ্যে বাড়িতে লোকজন পাঠানো হয়েছিল। এ ছাড়া পাশের বাড়ির মনসুরের বাড়িতে একটি ছোরা রাখার ঘটনাকে কেন্দ্র করে তিনি সদর কোতোয়ালি থানায় অভিযোগ করেন। পরে আটজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে তদন্ত করলেও অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে দাবি তাঁর। পরবর্তী সময়ে আবার অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। উল্টো বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিবাদী গোলাম মোস্তফা। তিনি বলেন, 'যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি আমার চাচি। জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আমি আমার নিজের জমির বাঁশ কেটেছি। আমার বাড়ির সামনের জমি না দিয়ে তাঁর চাচা অন্য জায়গায় জমি দিতে চান। এ নিয়ে মূলত বিরোধের সৃষ্টি হয়েছে।'
এ বিষয়ে সদর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, 'এ ঘটনায় আদালত থেকে একটি মামলা পেয়েছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে জমির মালিকানা নিয়ে বিরোধ, বাঁশ কেটে নেওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তাঁদের আশঙ্কা, সময়মতো কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।