‘একের রক্ত অন্যের জীবন’: বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুকৃবি ইউনিটের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
নাজমুস সাকিব, খুকৃবি প্রতিনিধি:
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’—মানবিকতার এই স্লোগানকে ধারণ করে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ইউনিট। দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় ৯২ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) খুলনার দৌলতপুরের সালামের মোড়ে বাঁধন খুকৃবি ইউনিটের উদ্যোগে এবং খুলনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রত্যেকের রক্তের গ্রুপ পরীক্ষা করে তা তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাঁধন খুকৃবি ইউনিটের সভাপতি আকিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. সাদমান লাবিব। তাঁরা পুরো কার্যক্রম তদারকি করেন এবং উপস্থিত সাধারণ মানুষের মাঝে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের মধ্যে নিজ রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং জরুরি মুহূর্তে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করতে একটি প্রস্তুত সমাজ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাঁদের মতে, আমাদের সমাজে অনেকেই এখনো নিজের রক্তের গ্রুপ জানেন না। অথচ দুর্ঘটনা, অস্ত্রোপচার কিংবা যেকোনো জরুরি চিকিৎসায় মুহূর্তের মধ্যে রক্তের প্রয়োজন হতে পারে। তাই আগে থেকেই রক্তের গ্রুপ জেনে রাখা এবং মানবিক তাগিদে রক্তদানে এগিয়ে আসা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহসহ নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি রক্তদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।
মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করা এবং রক্তদানে সচেতন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।