পাঁচবিবিতে আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
‘ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সুলতানপুর আদিবাসী পল্লীতে দিনব্যাপী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে সুলতানপুর নিউ স্পোর্টস ক্লাবের উদ্যোগে সুলতানপুর বটগাছতলা মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন সরকার রাশেদুল।
আদিবাসী সম্প্রদায়ের মাঝে মাদক নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর যুবদল নেতা ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. মিজানুর রহমান, মো. রুহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এস এম নাহিদ হাসান, পাঁচবিবি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল মমিন, বালিঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ আহমেদ এবং সুলতানপুর নিউ স্পোর্টস ক্লাবের সভাপতি রুনি পাহানসহ স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা মো. শফিকুল ইসলাম বলেন, "যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় সম্পৃক্ত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।"
দিনব্যাপী এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার মোট ৮টি আদিবাসী ফুটবল দল অংশগ্রহণ করছে। খেলাকে ঘিরে পুরো আদিবাসী পল্লীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।