চট্টগ্রাম কাস্টমসের অভিযানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণ এবং রপ্তানি চালানে ঘোষণাবহির্ভূত পণ্য পাঠানোর মাধ্যমে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির ঘটনা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। দুটি পৃথক অভিযানে সাভারের ঈগল টেক্সটাইলস ও রিয়াজ নিটওয়্যার লিমিটেডের রপ্তানি চালানে ব্যাপক অনিয়মের তথ্য পাওয়া গেছে।
চট্টগ্রাম কাস্টমস হাউসের আইসিডি প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধানে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহারের মাধ্যমে সরকারের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কাস্টমস আইন ও বন্ড বিধিমালা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কাস্টমস সূত্র জানায়, গত ১১ নভেম্বর দুপুর ১২টার দিকে সাভারের কাটগড়া বাজারে অবস্থিত ঈগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান কস এনডব্লিউএস কন্টেইনার সার্ভিস লিমিটেড অফডকে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
প্রতিষ্ঠানটি বিল অব এক্সপোর্টে চারটি আইটেমের মোট ২৩৭ কার্টন পণ্য ঘোষণা করেছিল। ঘোষণায় লেডিস শার্ট, মেনস শার্ট, লেডিস ট্রাউজার ও লেডিস ড্রেস রপ্তানির কথা উল্লেখ ছিল। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে ২৩৭ বস্তায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ১৪ ধরনের মোট ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস স্টক লট পোশাক পাওয়া যায়।
পরীক্ষায় আরও দেখা যায়, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দেওয়া ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) অনুযায়ী ফেব্রিক্সের যে বিবরণ থাকার কথা, বাস্তবে পাওয়া পণ্যের সঙ্গে তার কোনো মিল নেই। এতে বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল বা ফেব্রিক্স অবৈধভাবে খোলাবাজারে সরিয়ে নেওয়ার বিষয়টি উঠে আসে।
এ ঘটনায় সরকারের প্রায় ৮০ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। পাশাপাশি স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রযোজ্য মূসক বা ভ্যাট বাবদ আরও প্রায় ৯ লাখ টাকা পরিহারের তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টার দিকে শফি মোটরস লিমিটেড অফডকে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি রপ্তানি চালানে অভিযান চালায় একই প্রিভেন্টিভ টিম।
প্রতিষ্ঠানটি বিল অব এক্সপোর্টে মাত্র একটি আইটেম—মেনস পোলো শার্টের ৬৮৭ কার্টন রপ্তানির ঘোষণা দিয়েছিল। কিন্তু কায়িক পরীক্ষায় নিট ও ডেনিম ফেব্রিক্সে তৈরি ৫০ ধরনের বিভিন্ন পোশাক পাওয়া যায়, যার সঙ্গে রপ্তানি ঘোষণার কোনো মিল ছিল না।
তদন্তে দেখা যায়, বিজিএমইএর দেওয়া ইউডি অনুযায়ী চালানে যে ফেব্রিক্স থাকার কথা ছিল, তার বিপরীতে তৈরি ৬৫ হাজার ৫০ পিস পোশাকের অস্তিত্ব কায়িক পরীক্ষায় পাওয়া যায়নি। এতে বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স যথাযথভাবে প্রক্রিয়াজাত না করে অন্যত্র অবৈধভাবে সরিয়ে নেওয়ার বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস সূত্র আরও জানায়, দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেই বন্ড সুবিধার অপব্যবহার ও রপ্তানি ঘোষণায় অসংগতির বিষয়টি তদন্ত করা হচ্ছে। কাস্টমস আইন ও বন্ড বিধিমালা অনুযায়ী চূড়ান্ত তদন্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। পাশাপাশি আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী বন্ড সুবিধার অপব্যবহার রোধ এবং দেশের অভ্যন্তরীণ রাজস্ব সুরক্ষায় এ ধরনের বিশেষ নজরদারি ও অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।