জাতীয়করণের তালিকায় চট্টগ্রাম বিভাগের ৭ শিক্ষাপ্রতিষ্ঠান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

২০২৬ সালে দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে অথবা জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় রয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত জাতীয়করণ হওয়া এবং সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে পাওয়া ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকার তথ্য প্রকাশ করেছে শিক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস।

তালিকায় চট্টগ্রাম বিভাগের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—ফেনীর পরশুরাম উপজেলার শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, ফুলগাজী উপজেলার ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয়। এ ছাড়া বান্দরবানের থানচি উপজেলার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং সুবর্ণচর উপজেলার চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে এ তালিকায়।

তবে জাতীয়করণের তালিকা নিয়ে শিক্ষাসংশ্লিষ্ট মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, শিক্ষার মান, পরীক্ষার ফলাফল ও অবকাঠামোগত সক্ষমতায় এগিয়ে থাকা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তালিকায় স্থান পায়নি। বিপরীতে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা কিংবা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারা কিছু প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিএনপি সরকার গঠনের পর জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় থাকা অধিকাংশ প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের সুপারিশের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে দুটি প্রতিষ্ঠান সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জাতীয়করণের উদ্যোগের আওতায় এসেছে। এর মধ্যে বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ইতোমধ্যে জাতীয়করণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি মানবিক বিবেচনায় জাতীয়করণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীর সংখ্যা, ভৌগোলিক প্রয়োজনীয়তা এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হলে তা সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তবে স্বচ্ছ ও অভিন্ন নীতিমালা ছাড়া ব্যক্তি, রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালীদের সুপারিশের ভিত্তিতে প্রতিষ্ঠান সরকারিকরণ করা হলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তাদের মতে, রাজনৈতিক প্রভাব ও তদবিরের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য বাড়ার পাশাপাশি সুপারিশনির্ভর সংস্কৃতি আরও শক্তিশালী হতে পারে। এতে ভবিষ্যতে জাতীয়করণের জন্য তদবিরের প্রবণতা বাড়বে এবং প্রকৃত যোগ্যতাসম্পন্ন অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাতীয়করণের জন্য নীতিমালা প্রয়োজন। এটি থাকলে তখন সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। তবে কোনো সরকারই এই নীতিমালা করতে ইচ্ছুক নয়। কেননা নীতিমালা না থাকার সুযোগ সরকার যে কোনো প্রতিষ্ঠানকেই সরকারি করতে পারছে।’

শিক্ষাবিদদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে শিক্ষার মান, প্রয়োজনীয়তা, স্বচ্ছতা ও অভিন্ন মূল্যায়ন পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়া জরুরি। এতে একদিকে যোগ্য প্রতিষ্ঠানগুলো ন্যায্য সুযোগ পাবে, অন্যদিকে শিক্ষাব্যবস্থায় বৈষম্য ও অনিয়মের আশঙ্কাও কমবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com