৩০ লাখ টাকা ঘুষের গুঞ্জনে নিয়োগ পরীক্ষা স্থগিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ ছড়িয়ে পড়ার পর জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাট সরকারি মহিলা কলেজে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

আবেদনকারী ১৪ প্রার্থীর মধ্যে এদিন সকালে ৬ জন কেন্দ্রে উপস্থিত হন, যাঁদের মধ্যে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মন্ডলও ছিলেন। 

সকাল পৌনে ১০টার দিকে অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ জারি করা হয়। এতে দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েন। পরীক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘শুরুর মাত্র ১০ মিনিট আগে পরীক্ষা স্থগিত করায় আমরা হয়রানির শিকার হলাম। আগের দিন ফেসবুকে ৩০ লাখ টাকার বিষয়টি ছড়িয়ে পড়ার পর আজ হঠাৎ পরীক্ষা বন্ধ করা হলো।’ তবে অভিযুক্ত প্রার্থী আবু রায়হান মন্ডল আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন।

পরীক্ষা স্থগিতের কারণ নিয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। নিয়োগ বোর্ডে অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি ও জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ে বোর্ডের তিন সদস্য ও কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম উপস্থিত ছিলেন। কিন্তু কলেজের সভাপতি তাজ উদ্দিন অনুপস্থিত থাকায় এবং তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে না পারায় পরীক্ষা স্থগিত করা হয়।

অন্যদিকে কালাই ডিগ্রি কলেজের সভাপতি তাজ উদ্দিনের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ডিজি প্রতিনিধি উপস্থিত না হওয়ায় পরীক্ষা স্থগিত হয়েছে। ফেসবুকে ছড়ানো ঘুষ নেওয়ার অভিযোগকেও তিনি ভিত্তিহীন বলে দাবি করেন।

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার জানান, পরীক্ষা স্থগিতের বিষয়ে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন। 

এ বিষয়ে বক্তব্য জানতে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com