ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ প্রচারে বোদায় মসজিদে মসজিদে সচেতনতামূলক কার্যক্রম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
মোঃ আশরাফুল ইসলাম, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি দুর্যোগে দ্রুত ফায়ার সার্ভিসের সেবা পেতে হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পঞ্চগড়ের বোদা উপজেলায় মসজিদভিত্তিক প্রচারণা চালানো হয়েছে।
এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের মাঝে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-এর সেবা সম্পর্কে প্রচারণা করেন বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ মো. রায়হান ইসলাম।
শুক্রবার জুমার নামাজসহ বিভিন্ন সময়ে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার পদ্ধতি এবং হটলাইন নম্বর ১০২ সম্পর্কে অবহিত করেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন ধরনের দুর্যোগে দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেকের উচিত নম্বরটি মনে রাখা এবং পরিবারের সদস্যসহ আশপাশের মানুষকে এ বিষয়ে সচেতন করা।
এ সময় তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার পরামর্শ দেন।
ফায়ার সার্ভিসের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। তাঁদের মতে, মসজিদভিত্তিক এমন প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জরুরি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।