পাচারের পথে জব্দ সার ন্যায্যমূল্যে কৃষকের হাতে, সরকারি কোষাগারে জমা ৯৮ হাজার টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরবর্তীতে জব্দকৃত এসব সার সরাসরি প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ ৯৮ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

শুক্রবার ১৩ নভেম্বর ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর তিনমাথা মোড়ে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

প্রশাসন সূত্রে জানা গেছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সার পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে করিমপুর তিনমাথা মোড়ে অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত ও পরিবহনরত অবস্থায় সারগুলো জব্দ করা হয়।

কৃষকদের স্বার্থ রক্ষায় তাৎক্ষণিক সিদ্ধান্তে জব্দকৃত সারগুলো স্থানীয় প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে দেওয়া হয়। সার বিক্রি থেকে প্রাপ্ত ৯৮ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও কঠোর পদক্ষেপে এলাকায় সারের কৃত্রিম সংকট ও পাচার রোধ হওয়ার পাশাপাশি ন্যায্যমূল্যে সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com