সাপের কামড়ে ৪ হাসপাতালে ঘুরে ভ্যাকসিনের অভাবে ঘিওরের এক কৃষকের মৃত্যু

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

বিষধর সাপের কামড়ের পর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন স্বজনেরা । অনেক ছোটাছুটি করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি কৃষক মো. আওলাদ হোসেনকে (৫৫) । 

স্বজনদের অভিযোগ, সাপের কামড়ে ৪ হাসপাতালে ঘুরে ভ্যাকসিনের অভাবে তাঁর মৃত্যু ঘটেছে । পরিবারের উপার্জনক্ষম ও অভিভাবক ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে গেল ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে । নিহত আওলাদ হোসেন বরুরিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছোট ছেলে । 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে লালশাক ও ফুলকপির বীজতলায় কাজ করতে যান আওলাদ হোসেন । ফুলকপির বীজতলায় জমির আইলে নাইলন জালে আটকে থাকা সাপটি জঙ্গলের কারণে চোখে পড়েনি । কাস্তে দিয়ে আগাছা পরিষ্কার করার একপর্যায়ে সাপটি তাঁর ডান হাতে ছোবল দেয় । বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান । এরপর খাওয়া-দাওয়া করে তিনি স্থানীয় চায়ের দোকানে যান । সেখানে হঠাৎ শরীরে তীব্র ব্যথা শুরু হলে তাঁর অবস্থার অবনতি ঘটে । পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । সেখানে অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁকে নেওয়া হয় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে । সেখানেও প্রতিষেধক না পেয়ে তাঁকে নেওয়া হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে । সেখানে তাঁকে অ্যান্টিভেনম ও স্যালাইন দেওয়া হয় । কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে ।

পয়লা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জানান, আওলাদ হোসেন ওই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন । সকাল ১০টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয় । বিভিন্ন হাসপাতালে ছোটাছুটির পর বেলা দুইটার পর খবর আসে, এনাম মেডিকেলে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে । 

নিহতের শ্যালক মো. জাহিদ বলেন, ভগ্নিপতিকে নিয়ে অনেক হাসপাতালে ছুটেছেন তাঁরা । কিন্তু সময়মতো অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন তাঁরা । সময়মতো চিকিৎসা ও প্রতিষেধক পেলে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হতো ।

তবে ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান হাসপাতালে অ্যান্টিভেনমের সংকটের অভিযোগ নাকচ করেছেন । তিনি বলেন, শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না । তবে সাপে দংশিত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে সরকারি বরাদ্দের অ্যান্টিভেনম মজুত রয়েছে । কর্তব্যরত কেউ অ্যান্টিভেনম নেই বলে জানিয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে ।

এদিকে জালে আটকে থাকা সাপটি নিয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও ভিন্নমত রয়েছে । কেউ বলছেন, এটি গোখরা; আবার কেউ কাল গোখরা বা কালকেউটে বলে ধারণা করছেন । স্থানীয় কয়েকজনের দাবি, এ ধরনের সাপ আগে এলাকায় দেখা যায়নি । তবে সাপটির প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com