ফাইনালে বাজিমাত গাইবান্ধার: গরু জিতল চ্যাম্পিয়নরা, খাসিতেই সান্ত্বনা জয়পুরহাটের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাইবান্ধা জেলা দল। গ্রামীণ ঐতিহ্যের আমেজে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গাইবান্ধা পুরস্কার হিসেবে পেয়েছে একটি গরু এবং রানার্সআপ জয়পুরহাট পেয়েছে একটি খাসি।
শুক্রবার ১৩ নভেম্বর বিকেলে জয়পুরহাট সদর উপজেলার তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই উভয় দলের আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করে শিরোপা নিশ্চিত করে গাইবান্ধা। ঘরের মাঠে দারুণ লড়াই করেও রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়, জেলা কৃষকদলের সদস্যসচিব মনজুরে মওলা পলাশ এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিকেল থেকেই ম্যাচটি উপভোগ করতে তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক দর্শকের ঢল নামে। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।