অপরাধ দমনে সফল ও মিডিয়াবান্ধব এসপি তারিকুল ইসলামের বিদায়
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ এএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ জেলা পুলিশ প্রশাসনে রদবদল এনেছে সরকার। নওগাঁর বর্তমান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।
নওগাঁয় দায়িত্ব পালনকালে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজের কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নয়ন ঘটান। কর্তব্যপরায়ণতার স্বীকৃতিস্বরূপ তিনি রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন। তাঁর কঠোর ও সময়োপযোগী পদক্ষেপে জেলায় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি সহজ-সরল ও অমায়িক ব্যবহারের কারণে তিনি সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ও আস্থাভাজন ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তাঁর বদলির খবরে জেলার সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসা ও আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে।
একই প্রজ্ঞাপনে নওগাঁসহ দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিদায়ী পুলিশ সুপারসহ মোট ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
নতুন পুলিশ সুপার নিয়োগ পাওয়া ৭ জেলা:
নওগাঁ: সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
সুনামগঞ্জ: আমিরুল ইসলাম।
লালমনিরহাট: ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
নড়াইল: ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।
খুলনা: এপিবিএনের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
ফেনী: গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
গাইবান্ধা: ঢাকার এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
অন্যান্য ইউনিটে বদলি হওয়া ৭ কর্মকর্তা:
মোহাম্মদ তারিকুল ইসলাম: নওগাঁর পুলিশ সুপার থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার।
আবু বসার মোহাম্মদ জাকির হোসেন: সুনামগঞ্জের পুলিশ সুপার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার।
মো. আসাদুজ্জামান: লালমনিরহাটের পুলিশ সুপার থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার।
সরকার ওমর ফারুক: খুলনার পুলিশ সুপার থেকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার।
মো. হাবীবুল্লাহ: ফেনীর পুলিশ সুপার থেকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার।
মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার থেকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।
মো. আরেফিন জুয়েল: এপিবিএনের পুলিশ সুপার থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার।