চট্টগ্রামে রপ্তানি চালানে ৭৫ লাখ টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা, উদ্ঘাটন কাস্টমসের
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে পোশাক উৎপাদনের ঘোষণা দিয়ে স্থানীয়ভাবে সংগ্রহ করা স্টকলটের পোশাক রপ্তানির চেষ্টা করেছে গাজীপুরের একটি প্রতিষ্ঠান। এ ঘটনায় প্রায় ৭৫ লাখ টাকার শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা উদ্ঘাটন করেছে চট্টগ্রাম কাস্টমস।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালিয়ে এ অনিয়ম শনাক্ত করে কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রামের প্রিভেন্টিভ টিম।
কাস্টমস সূত্র জানায়, গাজীপুরের বিকেসি সোয়েটার লিমিটেড নামের রপ্তানিকারক প্রতিষ্ঠানের একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এ সময় সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরীক্ষায় রপ্তানি ঘোষণার সঙ্গে পণ্যের বড় ধরনের অমিল পাওয়া যায়। ঘোষণায় তিন ধরনের মোট ৪০ হাজার ৮টি পোশাকের কথা উল্লেখ ছিল। এর মধ্যে ৩৯ হাজার ৩৭৯ পিস লেডিস, মেনস ও সোয়েটার, ৪৫৮ পিস লেডিস স্কার্ট এবং ১৭১ পিস লেডিস প্যান্ট থাকার কথা। কিন্তু পরীক্ষায় এসব পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।
চালানটির ঘোষিত রপ্তানি মূল্য ছিল ৫২ হাজার ১০.৪০ মার্কিন ডলার। পণ্যের গন্তব্য দেখানো হয়েছিল লেবানন। তবে ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) নোটিফাই পার্টি হিসেবে উল্লেখ ছিল বেলজিয়ামের নাম।
প্রাথমিক অনুসন্ধানে কাস্টমস জানতে পারে, প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে আমদানি করা বিভিন্ন ধরনের সুতা, কাঁচামাল ও পোশাকের আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের ঘোষণা দিয়ে পণ্য রপ্তানির চেষ্টা করেছে। ঘোষণায় অর্গানিক কটন, নাইলন, পলিয়েস্টার ও রিসাইকেলড পলিয়েস্টারসহ বিভিন্ন উপকরণের উল্লেখ রয়েছে। এ ছাড়া রপ্তানি পণ্যে আরএফআইডি, মেটাল জিপার ও বিভিন্ন ধরনের লেবেল ব্যবহারের তথ্যও দেওয়া হয়েছিল।
কাস্টমস হাউস আইসিডি, চট্টগ্রাম জানিয়েছে, উদ্ঘাটিত অনিয়মের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।