টিকটকে পরিচয়, ৬ দিন ঢাকায় আটকে রেখে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ; চীনা নাগরিক গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ এএম

মানিকগঞ্জ প্রতিনিধি:

টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিকের বিরুদ্ধে । নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ।

এ ঘটনায় চেন ইয়ং (৪১) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী মানিকগঞ্জ সদর উপজেলার একটি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়ে । গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে । বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরদিন ১৮ নভেম্বর মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা ।

নিখোঁজের ছয় দিন পর ২৪ নভেম্বর রাতে বড় বোনের সঙ্গে ফোনে যোগাযোগ করে ওই শিক্ষার্থী । এ সময় সে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে পরিচয় হয় তার । পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্টুরেন্ট থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয় । এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের কাছে অভিযোগ করে সে ।

শিক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ । পরে মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর শাহারা র‍্যাপসোডিয়া ভবনের সপ্তম তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয় । সেখান থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয় । এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে ।

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন । মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার চেন ইয়ংকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তার সন্ধানে কাজ করছিল । পরে বড় বোনের মাধ্যমে পাওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরার বাসা থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । ভুক্তভোগী শিক্ষার্থীর প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে ।

আদালত সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা অনুযায়ী আদালতে ভুক্তভোগী শিক্ষার্থীর জবানবন্দি নেওয়া হয়েছে । পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয় ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com