‘আমাকে ছাড়া কোনো উন্নয়নের উদ্বোধন হবে না’, এমপির বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম
রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি
‘আমাকে ছাড়া কোনো বরাদ্দকৃত রাস্তা, ভবনসহ উন্নয়নকাজের উদ্বোধন হবে না’—রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রংপুর সদর) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে গঙ্গাচড়া উপজেলা বিএনপি। এ বক্তব্যকে গণতন্ত্রবিরোধী ও ফ্যাসিবাদী আচরণ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে সাতটায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, গত বুধবার (২৫ নভেম্বর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংসদ সদস্য রায়হান সিরাজী এমন বক্তব্য দেন। একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও গণতান্ত্রিক আচরণ প্রত্যাশিত। কিন্তু তাঁর বক্তব্যে উন্নয়ন কার্যক্রমকে ব্যক্তিকেন্দ্রিক করার প্রবণতা প্রকাশ পেয়েছে।
চাঁদ সরকার বলেন, সংসদ সদস্যের এমন বক্তব্য শুধু উপজেলা বিএনপিকে নয়, গঙ্গাচড়ার সাধারণ মানুষ ও রাজনৈতিক সচেতন মহলকেও ক্ষুব্ধ করেছে। জনগণের অর্থে সরকারি বরাদ্দে উন্নয়নকাজ পরিচালিত হয়। এসব কাজের উদ্বোধন ও তদারকিতে সরকারি কর্মকর্তা, সরকারি ও বিরোধী দলের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণই স্বাভাবিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সমতার ভিত্তিতে দেশের উন্নয়নে বরাদ্দ দিচ্ছে। সংসদ সদস্যের ডিও লেটারের মাধ্যমে পাওয়া বরাদ্দও সরকারের উদ্যোগের অংশ। তাই উন্নয়নকাজকে কোনো ব্যক্তি বা দলের নিজস্ব উদ্যোগ হিসেবে উপস্থাপনের সুযোগ নেই। গণতান্ত্রিক চর্চা ও বৈষম্যবিরোধী চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে জনপ্রতিনিধিদের বক্তব্য দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া হলে জনগণ এর কঠোর জবাব দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
সুন্দরগঞ্জ উপজেলা জামায়াত নেতৃত্বে সাবেক আমিরের ছেলে আমির হলেন সামিউল ইসলাম
টুঙ্গিপাড়া থানা ভাংচুর ও আগুন ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা
বীর সিংজুরীতে চম্পা হত্যাকাণ্ডে, মামলা হওয়ার তিন ঘণ্টায় প্রেমিককে গ্রেপ্তার করলো পিবিআই