ইউক্রেন যুদ্ধ: শান্তি আলোচনায় যুক্ত হতে ইউরোপকে মস্কো সফরের শর্ত দিল রাশিয়া
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
মোঃ মিলন শাহ বিশেষ প্রতিনিধি
ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় যুক্ত হওয়ার আগে ইউরোপীয় প্রতিনিধিদের মস্কোয় এসে নিজেদের অবস্থান ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে বলে কঠোর শর্ত দিয়েছে রাশিয়া। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে (AFP) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। স্লোভাকিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসর (TASR)-এর বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস গত সপ্তাহে বার্লিনে ইউক্রেনের মিত্রদের এক শীর্ষ সম্মেলনের পর জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কয়েক দফা আলোচনার পর শীঘ্রই ইউরোপীয় দেশগুলোও এই প্রক্রিয়ায় যুক্ত হবে।
অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পরবর্তী আলোচনার জন্য ইউরোপীয় নেতাদের মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
তবে ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে মস্কো সফরের বিষয়ে এখনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ। এএফপিকে তিনি বলেন, “প্রাথমিক আলোচনার জন্য মস্কোয় আসার প্রস্তাবে ইউরোপীয়রা বেশ সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে। আমরা ব্রাসেলস থেকে এমন একটি বক্তব্য শুনেছি যে ইউরোপীয়দের মস্কোয় যাওয়ার কোনো ইচ্ছা নেই।”
ইউরোপের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও চলমান আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে মস্কো প্রস্তুত বলে জানান রুশ রাষ্ট্রদূত। তিনি বলেন, ইউরোপীয়রা না এলেও রাশিয়া অন্তত রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় ফরম্যাটের কাঠামোর মধ্যে সংলাপ ও আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।
তথ্যসূত্র: এএফপি (AFP) তাসর (TASR) ও, প্রাভদা (Prada) .
আরও পড়ুন
শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পূর্বধলায় উন্নয়ন কাজের উদ্ভোদন ও গ্রাম পুলিশ- নারীদের মাঝে উপকরণ বিতরণ করলেন ডিসি
দেবীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, রপ্তানিমুখী খাত গড়ার আহ্বান